কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেই নিজ কর্মস্থলে ব্যস্ত সময় পার করছেন সদর ইউএনও ও উপজেলা প্রকৌশলী
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি:-
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১) সফলভাবে শেষ করে দেশে ফিরেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন এবং সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল। দেশে ফেরার পরপরই কোনো বিশ্রাম না নিয়ে নিজ কর্মস্থলে ফিরে দাপ্তরিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন এই দুই শীর্ষ কর্মকর্তা।
উল্লেখ্য, গত ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর আনতালিয়ায় এই বৈশ্বিক জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিশ্ব জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলা, টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ এবং জলবায়ু তহবিলের সুষম বণ্টন নিয়ে বিশ্বনেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের এই দুই কর্মকর্তা স্থানীয় পর্যায়ের জলবায়ু ঝুঁকি, অভিযোজন প্রক্রিয়া এবং টেকসই গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বাস্তব অভিজ্ঞতা বৈশ্বিক ফোরামে তুলে ধরেন।
কর্মস্থলে ফিরে এসেই তারা নিয়মিত দাপ্তরিক কাজের পাশাপাশি চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প তদারকি শুরু করেছেন। আন্তর্জাতিক এই মঞ্চে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা আগামীতে নারায়ণগঞ্জ সদর উপজেলার স্থানীয় প্রশাসন ও টেকসই উন্নয়ন কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।