নারায়ণগঞ্জে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত।
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার পহেলা অক্টোবর সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ডিসি অফিস সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘প্রবীণরা আমাদের সমাজের সম্পদ, আমাদের ইতিহাসের জীবন্ত দলিল। তাদের অভিজ্ঞতা, জ্ঞান ও প্রজ্ঞায় আজকের সমাজ গড়ে উঠেছে। প্রবীণদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব।’
তিনি বলেন, সরকার প্রবীণদের কল্যাণে বয়স্ক ভাতা, চিকিৎসাসেবা ও বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রবীণদের অধিকার সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠায় জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে। পরিবার ও সমাজে প্রবীণরা যাতে কোনোভাবেই অবহেলা বা বৈষম্যের শিকার না হন, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।
জেলা প্রশাসক আরও বলেন, শেষ বয়সে প্রবীণদের একাকিত্ব দূর করে মানসিকভাবে ভালো রাখতে পরিবারের সদস্যদের আন্তরিক হতে হবে। একই সঙ্গে প্রবীণবান্ধব সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পুলিশের উদ্বোধন কর্মকর্তা এবং বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখা, ‘৫০ ঊর্ধ্ব কফি হাউস শেষ বেলা’র নেতৃবৃন্দ, মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ (মাআসাপ) বাংলাদেশ সহ বিভিন্ন প্রবীণ, সামাজিক ও সাংস্কৃতিক , সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ।