নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর শুভ উদ্বোধন।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট হারুন অর রশিদ সাগর বিশেষ প্রতিনিধি:-
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. সকাল ১০:০০ টায় জেলা পুলিশ, নারায়ণগঞ্জের আয়োজনে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ফিতা কেটে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, "যুবসমাজকে মাদক, অপসংস্কৃতি, গ্যাং কালচার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলা মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক প্রশান্তি, শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে।"
এ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলা সকল থানার ৭টি পুরুষ ও ৭টি নারী কাবাডি দল অংশগ্রহণ করছে।
খেলার উদ্বোধনী ঘোষণা শেষে পুলিশ লাইন্স ড্রিল শেডের ম্যাটে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। খেলোয়াড়দের প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।
এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য এবং ক্রীড়ামোদী সাধারণ দর্শক উপস্থিত ছিলেন।