বন্দুক হাতে নিয়ে ভিডিও ধারণকারী দুই তরুণ এর বিরুদ্ধে নারায়ণগঞ্জের পুলিশের আইনগত ব্যবস্থা গ্রহণ।
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
নারায়ণগঞ্জের সিটি পার্কের বিভিন্ন এলাকায় বন্দুক হাতে দুই তরুণের ঘুরে বেড়ানো সংক্রান্ত একটি সংবাদ গত ২৮ আগষ্ট ২০২৬ তারিখে সামাজিক যোগাযেগে মাধ্যমে ভাইরাল হয়।
পরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় আইসিটি শাখার এসআই (নিঃ) আফজাল শাহীন ও তার টিম ভিডিও কে তৈরি করেছে ও প্রচার করেছে এবং কে কে ছিল তথ্যপ্রযুক্তির মাধ্যমে তা শনাক্ত করে।
ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায় যে, ভিডিওর নির্মাতা মোঃ লিমন তোহা (২২), পিতা- মোঃ শামীম আহম্মেদ, মাতা- লাইজু আক্তার, সাং- বন্দর বাজার, কে কে টাওয়ারের পাশে, মসুরের বাড়ির ভাড়াটিয়া, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ এবং বন্দুক হাতে থাকা অপর তরুণের নাম মোঃ ইয়াছিন মোল্লা (২৩), পিতা- মোঃ স্বপন মোল্লা, মাতা- সাথী মল্লিক, সাং- বন্দর ফায়ার সার্ভিসের গলি, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান এর নেতৃত্বে একটি অভিযানিক দল ২৮ আগষ্ট ২৬ রাতের ১০.৩৫ ঘটিকায় ২ নং রেল গেইট এলাকা থেকে তাদের ২ জনকে আটক করে। ধৃত আসামিরা শটগান সাদৃশ্য প্লাস্টিক শটগান এবং এসএমজি সাদৃশ্য প্লাস্টিক এসএমজি নিয়ে মহড়া দিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ এর ৪ ধারায় নিয়মিত মামলা রুজু করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায় বিনোদনের নামে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি, পথচারী ও শিশুদের ভয় দেখানো এবং সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খেলনা অস্ত্র হলেও এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা গুরুতর অপরাধ। একারণেই তাদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।