নারায়ণগঞ্জে লালন সাইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত।
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
মানুষের ভেতর যে মানুষ, পরিচয়ের অতীত যে মানবসত্তা, সেই অনন্তের সন্ধানী মরমী সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষে শনিবার ১৭ অক্টোবর ২০২৬ বিকেলে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে লালন স্মরণানুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে লালনের জীবন, দর্শন ও মানবতাবাদী চেতনা নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য,লালনগীতি পরিবেশিত হয়।
বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন হলে এই স্মরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, লালন সাঁই ছিলেন জাত-পাত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে মানবতার কবি। তাঁর গানে রয়েছে মানুষের প্রতি ভালোবাসা, সাম্য ও অসাম্প্রদায়িকতার বার্তা। লালনের দর্শন আমাদের শেখায়, মানুষের পরিচয় মানুষ হিসেবেই। আজকের সমাজে বিভেদ, হিংসা ও বিদ্বেষ দূর করতে লালনের মানবতাবাদী চেতনা অত্যন্ত প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের মাঝে লালনের দর্শন ছড়িয়ে দিতে হবে। তাহলেই বাংলাদেশ কে একটি অসাম্প্রদায়িক, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব,কেন্দ্রীয় জাসাসের যুগ্ম আহবায়ক আনিসুল ইসলাম সানি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাঈমা ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক, এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন ।
অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা কালচারাল অফিসার শারমীন জাহান।