শিক্ষার্থীদের শুধু ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে – ডিসি
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকেলে নারায়ণগঞ্জের মার্চেন্ট ওয়ার্কার্স (এম ডব্লিউ) উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও মানসিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি মাদকাসক্তির মতো সামাজিক ব্যাধি থেকে তাদের দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির।
সভায় অত্র স্কুলের প্রধান শিক্ষকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান। ম্যানেজিং কমিটির সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান সাগরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্কুল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে এডিসি বলেন, ডিজিটাল যুগে শিক্ষার্থীরা যেন প্রযুক্তিকে শিক্ষার কাজে ব্যবহার করে, সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। অপব্যবহার রোধে পরিবারকেই প্রথম প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের পাঠদান পদ্ধতি, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে অভিভাবকদের অবহিত করেন। তারা বলেন, নিয়মিত উপস্থিতি ও গৃহপাঠ নিশ্চিত করতে অভিভাবক-শিক্ষক যোগাযোগ আরও জোরদার করতে হবে।
মতবিনিময় সভায় নবম ও দশম শ্রেণির বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, ক্যারিয়ার গঠন ও বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। জেলা প্রশাসক সব প্রস্তাব মনোযোগের সঙ্গে শুনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।