নারায়ণগঞ্জ কারাগারে মোঃ সজিব আহমেদ নামে এক কারাবন্দীর মৃত্যু।
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,:-
নারায়ণগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে চিকিৎসাধীন মো. সজীব আহমেদ (২৫) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, সজীব বেশ কয়েকদিন ধরে অসুস্থ থাকায় কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জেল সুপার আরো বলেন, সজীবের শারীরিক ওজন বেশি ছিল এবং তার রক্তচাপজনিত সমস্যা দেখা দিয়েছিল। অসুস্থতার কারণেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।
কারাগার সূত্রে জানা গেছে, সর্বশেষ গত ১২ জুলাই ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি রিভলবার ও গুলিসহ সজীবকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
নিহত সজীব আহমেদ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার মো. সানাউল্লাহর ছেলে বলে জানা গেছে।