কক্সবাজারে মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি রবি ২৪ ঘণ্টার মধ্যে ফেনী থেকে গ্রেফতার
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,নাজিম উদ্দিন চৌধুরী,ফেনী প্রতিনিধি :
কক্সবাজার সদর থানায় দায়ের হওয়া মোহাম্মদ আলী হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি রবি (২৬)-কে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-১৫, কক্সবাজারের যৌথ অভিযানে বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাতে ফেনীর মহিপাল বাস কাউন্টার এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, নিহত মোহাম্মদ আলী (৩৭) পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। তিনি দ্বিতীয় স্ত্রী সাবিনা ইয়াসমিনের সঙ্গে কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ পাহাড়তলী এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল বলে অভিযোগ করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৬ জুলাই পারিবারিক বিরোধের জেরে মোহাম্মদ আলীকে মারধর করা হয়। পরদিন ৭ জুলাই বিকেলে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়ে লোহার হাতুড়ি ও রড দিয়ে মাথায় আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ৯ জুলাই কক্সবাজার সদর মডেল থানায় দুইজনের নাম উল্লেখ করে এবং আরও ২–৩ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোড ১৮৬০-এর ৩০২/৩৪ ধারায় রুজু হয়েছে।
র্যাবের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে মামলার প্রধান পলাতক আসামি রবি ফেনী সদর এলাকায় আত্মগোপনে রয়েছে। পরে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।