ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে পরিচ্ছন্নতা অভিযান ও ওয়াপদা খালের পাড়ে বৃক্ষরোপণ
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। একই সাথে পরিবেশের সবুজায়ন বৃদ্ধিতে শিয়াচর এলাকার ওয়াপদা খালে ১০০টি বৃক্ষরোপণ করা হয়।
শনিবার ১৭ অক্টোবর ২৬ নারায়ণগঞ্জ সদর উপজেলায় পরিচালিত এই পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
এ সময় তিনি প্রতিটি নাগরিককে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পরিচ্ছন্নতা অভিযান শেষে শিয়াচর এলাকার ওয়াপদা খালের পাড়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে ১০০টি বৃক্ষরোপণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণের পাশাপাশি খালের আশপাশের বায়ুমণ্ডল ও পরিবেশের মান উন্নয়ন এবং জনসাধারণের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে বাড়ির আশপাশ, ড্রেন, নালা, খাল ও অন্যান্য স্থানে জমে থাকা পানি অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল নিয়মিত পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়োজকেরা জানান, শুধু প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়; এর জন্য প্রয়োজন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ, নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সম্মিলিত সচেতনতা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ ও ডেঙ্গুমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত রাখবেন।
একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে একটি সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নারায়ণগঞ্জ গড়ে তুলতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন