৪৩ তম ও ৪৪ তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ঢাকা রেঞ্জ স্টাডি ট্যুরের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
আজ ২৪ নভেম্বর ২০২৬ খ্রি. (মঙ্গলবার) ৪৩ তম ও ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের সারদায় মৌলিক প্রশিক্ষণরত ১৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ ঢাকা রেঞ্জ স্টাডি ট্যুরের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করেন।
এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সফররত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে নবীন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপার মহোদয়ের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মহোদয় নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা হিসেবে পেশাগত জীবনে সততা, নিষ্ঠা, সাহসিকতা, মানবিকতা ও পেশাদারিত্বের সমন্বয় ঘটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের যোগ্য ও দক্ষ কর্মকর্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ মনোযোগী হতে হবে। সাইবার ক্রাইম ও অনলাইন প্লাটফর্মে ক্রাইম প্রতিরোধে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।” অতঃপর তিনি কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতার আলোকে নবীন কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
পরবর্তীতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ নারায়ণগঞ্জ সদর মডেল থানা, SHARIF MELAMINE INDUSTRIES (PVT.) LTD., জামদানি পল্লী, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (লোকশিল্প জাদুঘর) এবং ঐতিহাসিক পানাম নগর পরিদর্শন করেন। এসব পরিদর্শনের মাধ্যমে তাঁরা জেলার আইনশৃঙ্খলা, শিল্প ও সংস্কৃতি, জামদানি শিল্প, লোকজ সংস্কৃতি এবং ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও সম্যক ধারণা লাভ করেন।
সফর শেষে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের জন্য পুলিশ সুপার মহোদয়ের বাংলোতে এক নৈশভোজের আয়োজন করা হয়। এসময় নারায়ণগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির মহোদয় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মহোদয় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের উদ্দেশ্যে বলেন, “জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এর মধ্যে সুসম্পর্ক ও আন্তরিকতা থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং জেলার সার্বিক উন্নয়ন ঘটে। সাধারণ জনগণ বেশি উপকৃত হয়। একজন সরকারি কর্মকর্তা হিসেবে জেলার সকল দপ্তরের অফিসারদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে।” অতঃপর পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয় নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে নবীন কর্মকর্তাদের শুভেচ্ছা স্মারক তুলে দেন। বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী এর পক্ষ থেকে ০২ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয়কে ক্রেস্ট প্রদান করেন এবং আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।